Ad Code

লম্বা বিরতির পর বিপিএল দিয়ে খেলায় ফিরেছেন তামিম

                                      লম্বা বিরতির পর বিপিএল দিয়ে খেলায় ফিরেছেন তামিম।

লম্বা সময় পর বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। বিপিএলে নিজের দল ফরচুন বরিশালের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমেই খেলেছেন ২৪ বলে ৩৫ রানের ঝলমলে এক ইনিংস। তার দল ফরচুন বরিশালও রংপুর রাইডার্সের বিপক্ষে তুলে নিয়েছে ৫ উইকেটের জয়।

তামিম ইকবাল।

গত বছর ঘরের মাঠের আফগানিস্তান সিরিজের মাঝপথে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। পরে মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে আবারও ফেরেন ক্রিকেটে। তবে কোমড়ের চোট থেকে সেরে উঠতে চলেছে পুনর্বাসন প্রক্রিয়া, ফলে ছিলেন মাঠের বাইরে। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরেন তামিম। পরে বিশ্বকাপে খেলার কথা থাকলেও নানা ঘটনার জেরে খেলা হয়নি বিশ্বকাপে। পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করে বিপিএল দিয়ে খেলায় ফেরার কথা জানিয়ে রেখেছিলেন তামিম, করলেনও তাই। লম্বা বিরতির পর খেলায় ফেরা, চ্যালেঞ্জ এসব ব্যাপার নিয়ে ম্যাচের পর কথা বলেছেন ফরচুন বরিশালের অধিনায়ক।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘এটা (লম্বা বিরতির পর খেলায় ফেরা) খুবই চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়। কারণ, তিন-সাড়ে তিন মাস পর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলা। এর মাঝখানে সত্যি কথা বলতে আমি দুই-আড়াই মাস কোনো ট্রেনিংই করিনি। শেষ দুই সপ্তাহ যা করা… যতই ম্যাচ খেলেন না কেন নার্ভ তো থাকবেই। তবে আমার কাছে মনে হয় অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে যে শুরুটা প্রয়োজন ছিল সেটা হয়েছে।’

বিষয়টি কিছুটা স্বস্তি দিচ্ছে তামিমকে, ‘নার্ভটা হয়ত না হয়ত যেই শঙ্কাটা ছিল অইটা হয়তবা (কেটে গেছে) এই টুর্নামেন্টে আমি রান করব এবং ফেইলও করব। এটাই ঘটবে। এই ইনিংসের সাথে কোনো কিছুর (সম্পর্ক) নেই। হ্যাঁ আমার প্রথম ম্যাচ থেকে ভালো স্মৃতি আছে। দেখা যাক সামনের চ্যালেঞ্জকে আমি কীভাবে মোকাবেলা করি। পরে আমাকে আর চিন্তা করতে হবে না যে, এতদিন পরে খেলছি।’

ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তামিম

তামিম আরও বলেন, ‘অবশ্যই নার্ভ তো একটু হলেও থাকে। কিন্তু শুরুতে বাউন্ডারি পাওয়াতে আমার জন্য খুব সহজ হয়ে গেছে। অনুশীলনেও আমি ভালোই ব্যাট করছিলাম। আমরা যে পিকেএসপিতে দুই দিন ম্যাচ সিনারিওর মত খেলেছি সেটা আমাকে বেশ সাহায্য করেছে। ম্যাচে নার্ভ কিছুটা হলেও কাজ করে কিন্তু যখন আপনি শুরুতেই বাউন্ডারি পান তখন নার্ভ একটু কমে আসে।’

তামিম আরও জানান, ‘ভালো তো অবশ্যই লাগবে (এমন ইনিংস খেললে) কিন্তু পুরো টুর্নামেন্ট কেমন খেলব তা এই ইনিংস তা ডিফাইন করবে না। ডিফাইন করবে যখন অন্য ধরনের চ্যালেঞ্জ আসে তখন আমি কীভাবে করে মানিয়ে নেই কীভাবে খেলি। ফলে ভালো শুরু, আমি খুশি।’

তামিম ইকবাল।

এছাড়া নিজের দলের ব্যাটিং প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি যা বলি যে (আমরা) ছোট ছোট ভুল করি। আমার ইনিংসের কথা যদি বলি তখন যদি নরমালি বলে বলে রান নেই তখনও কিন্তু আমরা দুই ওভার আগে খেলাটা শেষ করে দেই। আমার উইকেটটা সেই সময়ে (পড়ার) আসলে দরকার ছিল না। সেইম (মেহেদী হাসান) মিরাজও এবং মুশফিকও (মুশফিকুর রহিম) যখন ব্যাটিং করছিল ওই মুহূর্তে ওই শটের দরকার ছিল না। এইসব ভুলের কারণেই খেলাটা একটু লম্বা হয়ে গেছে কিন্তু আমরা সবসময় নিয়ন্ত্রণে ছিলাম। তবে আমাদের সুযোগ ছিল ২-৩ ওভার আগে শেষ করার।’


জয় দিয়ে শুরু করা ফরচুন বরিশালের পরবর্তী ম্যাচ আগামী ২২ জানুয়ারি, প্রতিপক্ষ খুলনা টাইগার্স।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ